সহস্র অন্ধকারের মাঝে নিমজ্জমান আলো
চাপা পড়া সবুজ পৃথিবীর আদিগন্তসপ্ন,
শহীদ সরণীর পথে ফুটতে থাকে
বধ্যভূমি ক্লীবতা আর বিমূর্ত জীবন ।
যেখানে দৃশ্যমান ধুলো পড়া ঘর
মাথা উঁচু করা অদৃশ্য দেয়াল
আঁধারে ঢাকা আমাদের বাস্তবতা,আর দেয়ালে ঠেকা পিঠ
শহীদ সরণীর পীচ ঢালা পথে নিভে যায় আমাদের আলোর মিছিল ।
পরাজিত হয় আমাদের স্বাধীনতার আলো
মরচে ধরা সংহারিত বিবেকের মাঝে,
বিদ্ধস্ত হয় মানুষের বিকশিত চেতনা
পৃথিবীর অনাবিল আদিগন্ত আকাশে ।
আকাশের শেষে কি থাকে ? শূণ্যতা ?
কোথায় পড়ে আছে আমার স্বদেশ ?
শত সম্ভাবনাকে নিজ হাতে কবর দাও
এই কি আমার পৃথিবীর আদেশ ।
ভোর হোক শত ঘুমন্ত জানালায়
রৌদ্র আসুক বিবেকের অন্ধ চোখে,
শহীদ সরণীর পীচ ঢালা পথে
জেগে ওঠ উদ্দীপ্ত আলোর মিছিল ছড়িয়ে ।
মন্তব্য